শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৫, ২৪ অক্টোবর ২০২৬

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে গুলিস্তান শহিদ মতিউর পার্কের সামনের ফুটপাত থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অভি জানান, ভোর সাড়ে ৬টার দিকে গুলিস্তান শহিদ মতিউর পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সদস্যরা থানায় খবর দেন। এরপর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টা ১০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান এসআই অভি।

এছাড়া সিআইডির ক্রাইম সিন ইউনিট মরদেহের আঙুলের ছাপ নিয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়