“আগামী বছরে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা”
শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমাতে আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালুর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ১৫১টি উপজেলায় চলমান স্কুল ফিডিং কর্মসূচি ধাপে ধাপে দেশের সব উপজেলায় সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে ধরে রাখতে পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ লক্ষ্যেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্কুল ফিডিং কর্মসূচির পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
খাবারের মান ও বিতরণ ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাদ্যতালিকায় প্রয়োজনীয় পুষ্টিমান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। একই সঙ্গে খাবার সরবরাহ যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়েও নজরদারি জোরদার করা হয়েছে। মাঠপর্যায়ে স্থানীয় মা-বোনদের সম্পৃক্ত করে ‘মাদারস কমিটি’ গঠনের মাধ্যমে খাবার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।



























