জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন বাংলাদেশের মানুষকে একটি নতুন ও আধুনিক রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিল বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জিয়া স্মৃতি বই মেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর নেতৃত্বের মাধ্যমে নতুন ও আধুনিক বাংলাদেশের চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তিনি আধুনিক বাংলাদেশের কারিগর।’
বিএনপির বর্তমান অবস্থানের পেছনে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের এই পর্যায়ে আসার পেছনে নেতৃত্ব দিয়েছেন তারা। তবে ত্যাগ, পরিশ্রম এবং দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বড় অংশের অর্জন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের।
তিনি বলেন, ‘এই ক্যাম্পাসেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল শুরু করেন। তিনি এতটাই উদার ছিলেন এবং দেশকে নিয়ে এত বেশি চিন্তা করতেন যে, ছাত্রদল গঠনের মধ্য দিয়েই তার প্রমাণ দিয়েছেন।’
মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে পানিসম্পদ মন্ত্রী বলেন, স্বাধীনতার সময় জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে। তিনি স্বাধীনতার ডাক দিয়েছেন এবং অস্ত্র হাতে তুলে নিয়েছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের নেতা এবং মুক্তিযোদ্ধাদের নেতা।
স্বাধীনতার পরবর্তী সময়ের প্রসঙ্গে এ্যানি বলেন, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪ ও ১৯৭৫ সালে যারা দেশের দায়িত্বে ছিলেন, তাদের দুর্নীতি ও দুঃশাসনের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মহান বিপ্লব ও সংহতির মাধ্যমে দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে।



























