বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

“স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর ইসি”

“স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর ইসি”
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সিইসি।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পুলিশের সার্বিক সহায়তা চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ আইনানুগ ও সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।

সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব। একইভাবে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা করা পুলিশ ও প্রশাসনেরও সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, জাতীয় নির্বাচন যেভাবে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে, একই মানদণ্ডে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে কমিশনের। এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আইজিপি তাকে আশ্বস্ত করেছেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশ যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

নির্বাচনে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে এ. এম. এম. নাসির উদ্দিন বলেন, নির্বাচনকে আরও স্বচ্ছ ও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরা, বডি ওর্ন ক্যামেরাসহ প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করা হবে। নির্বাচনের সময় মাঠপর্যায়ের পরিস্থিতি রিয়েল-টাইম ডিজিটাল মনিটরিংয়ের আওতায় থাকবে। কোথাও কোনো ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

জনপ্রিয়