বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী

“আত্মহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে সরকার”

“আত্মহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে সরকার”
ছবি: সংগৃহীত

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে তিনি আত্মহত্যা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিল যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সারাদেশের শিক্ষার্থীদের আত্মহত্যার পথ থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আত্মহত্যা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘যত বড় বিপদই আসুক না কেন, জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। জীবনে ব্যর্থতা আসবেই। ব্যর্থতায় হতাশ না হয়ে সাফল্য অর্জনের জন্য বারবার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়েই মানুষ উন্নতির শিখরে আরোহণ করতে পারে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আত্মহত্যাকে ‘না’ বলতে হবে। একই সঙ্গে পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যের প্রতি দায়িত্বশীল হতে হবে। পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে নিজেদের সমস্যা ও অনুভূতিগুলো ভাগাভাগি করে নিতে হবে। এতে মানসিক চাপ ও হতাশা মোকাবিলায় সহায়তা পাওয়া সম্ভব।’

আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রচলিত চিন্তাধারার বাইরে এসে ইতিবাচক মানসিকতা, পারস্পরিক সহমর্মিতা ও সচেতনতার চর্চা বাড়াতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।

এডিপির চেয়ারম্যান রওশন আরা জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বক্তব্য রাখেন।

সেমিনারে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনের অধ্যক্ষ আফরোজা শারমিন।

জনপ্রিয়