বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১০ সেপ্টেম্বর ২০২৬

পেঁয়াজের কালো দাগ কি বিষ? বিশেষজ্ঞরা যা বলছেন

পেঁয়াজের কালো দাগ কি বিষ? বিশেষজ্ঞরা যা বলছেন
ছবিঃ সংবাদ পরিক্রমা

রান্নাঘরে পেঁয়াজ কাটতে গিয়ে হঠাৎ কালো কালো দাগ চোখে পড়েছে? অনেকেই সেটিকে ময়লা ভেবে ভালো করে ধুয়ে নেন। কেউ আবার আক্রান্ত অংশটুকু কেটে ফেলে বাকি পেঁয়াজ রান্নায় ব্যবহার করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সব কালো দাগ ময়লা নয়—এগুলো হতে পারে ছত্রাকের লক্ষণ, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

কালো দাগ আসলে কী?

বিশেষজ্ঞদের মতে, পেঁয়াজের গায়ে যে কালো আবরণ বা দাগ দেখা যায়, সেগুলো অনেক ক্ষেত্রেই ‘অ্যাসপারজিলাস নাইজার’ নামের এক ধরনের ছত্রাকের বৃদ্ধি থেকে তৈরি হয়। এই ছত্রাক সাধারণত উষ্ণ, আর্দ্র ও বাতাস চলাচলহীন পরিবেশে জন্মায়। পেঁয়াজ যদি স্যাঁতস্যাঁতে জায়গায়, প্লাস্টিকের ব্যাগে বা বন্ধ পাত্রে রাখা হয়, তাহলে বাইরের খোসায় এই ছত্রাক জন্ম নেয়।

ছত্রাকের গঠন অনেকটা সূক্ষ্ম সুতার মতো। এগুলো থেকে স্পোর বা অতি ক্ষুদ্র কণা তৈরি হয়, যা বাতাস, পানি কিংবা পোকামাকড়ের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

কখন খাওয়া নিরাপদ, কখন নয়?

পুষ্টিবিদ ভারতী কুমারের মতে, যদি কালো দাগ শুধুমাত্র পেঁয়াজের বাইরের শুকনো খোসায় থাকে এবং ভেতরের স্তরগুলো সাদা ও শক্ত থাকে, তাহলে বাইরের অংশ ভালোভাবে ছুলে, ধুয়ে, রান্না করে খাওয়া যেতে পারে।

কিন্তু যদি কালো দাগ পেঁয়াজের ভেতরের অংশেও ছড়িয়ে পড়ে, অথবা পেঁয়াজ নরম, স্যাঁতসেঁতে বা দুর্গন্ধযুক্ত হয়ে যায়—তাহলে বুঝতে হবে ছত্রাক ভেতরে ঢুকে গেছে। সেই অবস্থায় পেঁয়াজটি ফেলে দেওয়াই নিরাপদ।

কী ধরনের ঝুঁকি আছে?

বিশেষজ্ঞদের মতে, এই ছত্রাক ‘ওক্রাটক্সিন এ’ নামের এক ধরনের বিষ উৎপন্ন করতে পারে, যা কিডনি ও লিভারের ক্ষতি করতে সক্ষম। এই টক্সিন মাঝারি তাপে রান্না করলেও নষ্ট হয় না।

এছাড়া ছত্রাকের স্পোর কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জি বা শ্বাসতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। যাদের ইমিউন সিস্টেম দুর্বল, ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী ফুসফুস বা লিভারের রোগ আছে, তাদের জন্য এই ঝুঁকি আরও বেশি।

সতর্কতা ও সংরক্ষণ
পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা জরুরি— পেঁয়াজ ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচলযুক্ত স্থানে রাখুন। প্লাস্টিকের ব্যাগের বদলে মেশ ব্যাগ বা খোলা ঝুড়ি ব্যবহার করুন।আলুর কাছে পেঁয়াজ রাখবেন না, কারণ আলু থেকে নির্গত আর্দ্রতা ছত্রাকের বৃদ্ধি বাড়ায়। নিয়মিত পেঁয়াজ পরীক্ষা করুন এবং নরম বা অঙ্কুরিত পেঁয়াজ আলাদা করে ফেলে দিন।


সব কালো দাগযুক্ত পেঁয়াজ ফেলে দেওয়ার প্রয়োজন নেই। তবে সতর্কতা জরুরি। যদি দাগ শুধু বাইরের খোসায় সীমাবদ্ধ থাকে এবং পেঁয়াজ ভেতর থেকে শক্ত ও সুগন্ধযুক্ত থাকে, তাহলে তা পরিষ্কার করে ব্যবহার করা যেতে পারে। কিন্তু সন্দেহ হলে, বিশেষজ্ঞদের পরামর্শ হলো—একটি পেঁয়াজ নষ্ট হওয়া আর স্বাস্থ্যের ঝুঁকি নেওয়ার মধ্যে তুলনা করলে, পেঁয়াজটিই ফেলে দেওয়া বুদ্ধিমানের কাজ

জনপ্রিয়