বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১, ১০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৭ হাজার ১৫৩ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার গ্রেফতার ও উদ্ধারসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেফতার ৫৫০ জনের মধ্যে নিয়মিত মামলায় ১০৪ জন, পূর্ববর্তী মামলায় ৫৯ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৫৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৯ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন পরোয়ানায় ১৪২ জন এবং সাজা পরোয়ানামূলে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ১৪১ জনকে। তাদের মধ্যে মাদক কারবারি ৪৪ জন, বহনকারী দুজন ও মাদকসেবী ৯৫ জন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২০ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৩টি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযানে ১৭ হাজার ১৫৩ পিস ইয়াবা, ১৬৫ লিটার চোলাই মদ, ১৭ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, এক বোতল বিয়ার ও এক বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে।

জনস্বার্থে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়