বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ১০ সেপ্টেম্বর ২০২৬

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ
ছবি: সংগৃহীত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকটা স্মরণীয় করে রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো সিপিএলের মঞ্চে নেমেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৪ ওভার বল করে শিকার করেছেন ৩ উইকেট। মিরাজের কার্যকর বোলিংয়ে জয়ও পেয়েছে তার দল।

অভিষেক ম্যাচে নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘আমার মনে হয় এটি আমাদের জন্য একটি দারুণ শুরু এবং চমৎকার মুহূর্ত। পিচটা দেখে মনে হচ্ছে কিছুটা স্পিন সহায়তা পাওয়া যেতে পারে। আমি শুধু মাথায় রেখেছি, বোলিং করার জন্য এটি একটা দারুণ উইকেট। সঠিক জায়গায় বল ফেলতে পারলে ব্যাটসম্যানদের জন্য তা কঠিন হয়ে দাঁড়াবে, আমি ঠিক এভাবেই ভাবছি এবং সঠিক জায়গায় বল করে তাদের চাপে ফেলার চেষ্টা করছি।’

উইকেটের চরিত্র বুঝে নির্দিষ্ট গতিতে বল করেই সাফল্য পেয়েছেন ডানহাতি এই স্পিনার। মিরাজ জানান, ‘আমার মতে, এই উইকেটে ঘণ্টায় ৮৫ থেকে ৯০ কিলোমিটার গতি বেশ কার্যকর। আমি সেই গতিতেই বল করার চেষ্টা করছি। দর্শকরা দারুণ, তারা এসে ওয়ারিয়র্স দলকে সমর্থন জোগাচ্ছে, যা সত্যিই উপভোগ্য বিষয়। আশা করি তারাও খেলাটি খুব উপভোগ করেছে।’

মিরাজের পাশাপাশি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক ইমরান তাহির। ৪৭ বছর বয়সেও সাবেক দক্ষিণ আফ্রিকান এই তারকার দুর্দান্ত ফিটনেস ও পারফরম্যান্সে মুগ্ধ মিরাজ। ম্যাচে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তাহির।

তাহিরের প্রশংসা করে মিরাজ বলেন, ‘৪৭ বছর বয়সেও তাহির যেভাবে খেলছেন, ফিট আছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন, তা সত্যিই অসাধারণ। তিনি ৫ উইকেট নিয়েছেন, যা ছিল চমৎকার। এ ছাড়া এটি আমার জন্যও দারুণ একটি সুযোগ, কারণ তার সঙ্গে আমি এই প্রথমবার খেলছি। আমার জন্য এটি একটি বিশেষ মুহূর্ত এবং আমি সত্যিই খুব আনন্দিত।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়