চব্বিশের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, গত দুই বছরে পুলিশ বাদী হয়ে কোনো রাজনৈতিক মিথ্যা বা গায়েবি মামলা করেনি। তবে ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে করা কোনো অভিযোগও পুলিশ গ্রহণ করতে অস্বীকার করতে পারবে না।
রবিবার সাতক্ষীরায় জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতকরণ সংক্রান্ত সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাম্মাদ আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহা. রবিউল বাশার, জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি মো. হাবিবুল ইসলাম হাবিব, সংরক্ষিত আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন, খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক রাহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতি ও ড. মনিরুজ্জামানসহ আরও অনেকে।
আইনমন্ত্রী বলেন, অতীতে গায়েবি মামলাগুলোর বাদী হিসেবে পুলিশকে দেখা যেত। কিন্তু গত দুই বছরে পুলিশ বাদী হয়ে একটি রাজনৈতিক মিথ্যা গায়েবি মামলাও করেনি। কোনো ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে মামলা করা হলে সেটি পুলিশ তদন্ত করে দেখবে।
তিনি বলেন, মামলা নিতে পুলিশ অস্বীকার করতে পারবে না। কারণ আইন পুলিশকে এ ধরনের ক্ষমতা দেয়নি। অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনে জলদস্যুদের দৌরাত্ম্য প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, জলদস্যুদের নিয়ন্ত্রণে কোস্টগার্ড ও প্রশাসন যৌথভাবে কাজ করছে। পাশাপাশি মাদক, অস্ত্র ও স্বর্ণ চোরাচালান বন্ধে প্রশাসনিকভাবে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার অবশ্যই জুলাই সনদ অনুসারেই তা বাস্তবায়ন করবে। এ বিষয়ে কোনো ‘ইফ’ বা ‘বাট’ নেই। এটি বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে এবং সরকার সেই পথেই এগোচ্ছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, বিরোধী দলও এই প্রক্রিয়ায় অংশ নেবে। এটিই সরকারের প্রত্যাশা।
এর আগে সাতক্ষীরার জেলা জজ আদালতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। সেখানে বিচার বিভাগকে আরও গতিশীল করতে দ্রুত শূন্য পদে বিচারক নিয়োগ এবং মামলাজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
পরে বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে তৃণমূল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মো. আসাদুজ্জামান।



























