রোববার ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ফের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ

ফের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সুযোগ
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের জন্য আবারও সুযোগ দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আর ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ ফি ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা এবং কেন্দ্র ফি ২০০ টাকা। কেন্দ্র নির্ধারণের পর শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র ফি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দিতে হবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছিল। ১২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণের সময় ছিল এবং ফি জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর। পরে শিক্ষার্থীদের জন্য আবারও ফরম পূরণের সুযোগ দেওয়া হলো।

যেভাবে ফরম পূরণ করতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF অপশনে ক্লিক করতে হবে। এরপর EIIN ও Password দিয়ে লগইন করে ‘Probable List’-এ যেতে হবে।

প্রিন্ট করা ‘Probable List’-এর হার্ডকপিতে লাল কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের তথ্যের ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির ২০২৪ সালের সেশন, বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর এন্ট্রি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর তথ্য নিজ প্রতিষ্ঠানে প্রদর্শিত হবে। এরপর হার্ডকপিতে টিক চিহ্ন দেওয়া শিক্ষার্থীদের তথ্য মিলিয়ে অনলাইনে ‘Probable List’ থেকে তাদের নির্বাচন করতে হবে।

এরপর ‘Temporary List’ প্রিন্ট করে ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। প্রয়োজন হলে ‘Select/Unselect’ করা যাবে। চূড়ান্ত যাচাই শেষে ‘Pay Slip Print’ বাটনে ক্লিক করে অবশ্যই পে-স্লিপ প্রিন্ট করতে হবে।

পে-স্লিপে উল্লেখিত টাকা কাছের সোনালী ব্যাংকের যে কোনো সেবাচালু শাখায় জমা দিতে হবে। তবে পে-স্লিপ প্রিন্ট করার পর নতুন করে কোনো পরীক্ষার্থীকে ‘Select/Unselect’ করা যাবে না।

ব্যাংকে ফি জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘Final Submit’ ও ‘Final Candidate List Print’ অপশন চালু হবে। এরপর ‘Final Candidate List’ প্রিন্ট করে পরীক্ষার্থীর স্বাক্ষর নিতে হবে। প্রতিটি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরও থাকতে হবে।

সবশেষে ‘Final Submit’ বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ‘Final Submit’ না করলে ফরম পূরণ সম্পন্ন হবে না এবং পরীক্ষার্থীর প্রবেশপত্রও দেওয়া হবে না। পরীক্ষার্থীর স্বাক্ষরযুক্ত প্রিন্ট কপির একটি প্রতিষ্ঠানকে সংরক্ষণ করতে হবে।

পাঁচ বিষয়ে হবে পরীক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষা মোট পাঁচটি বিষয়ে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।

বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে পূর্ণমান ১০০ করে। আর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পূর্ণমান ৫০ করে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা এবং বোর্ডের প্রকাশিত সংশ্লিষ্ট নিয়মাবলি অনুসরণ করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়