‘সেপারেশন’ মিশনে পরীমনি
গিয়াস উদ্দিন সেলিমের নির্মাণে ‘স্বপ্নজাল’-এ শুভ্রা চরিত্রে অভিনয় করে নতুন করে দর্শকের নজর কেড়েছিলেন পরীমনি। এরপর একই নির্মাতার ‘গুণিন’ সিনেমায় রাবেয়া চরিত্রেও ভিন্ন রূপে হাজির হন এই অভিনেত্রী। এবার সেলিমের পরিচালনায় আরও এক নতুন গল্পে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’-এ দেখা যাবে পরীমনিকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ নতুন কাজের খবরটি নিজেই জানিয়েছেন পরীমনি। সেখানে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’ ক্যাপশনের সঙ্গে ভালোবাসার ইমোজিও দিয়েছেন অভিনেত্রী।
এরই মধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুরু হয়েছে ওয়েব ফিকশনটির শুটিং। তবে ‘সেপারেশন’-এ পরীমনির চরিত্রটি ঠিক কেমন, কিংবা গল্পের মূল আবর্তন কোন বিষয়কে ঘিরে—এসব বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তাই নতুন এই কাজের মাধ্যমে পরীমনি এবার কোন চরিত্রে দর্শকদের সামনে হাজির হচ্ছেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে তার আগের দুই কাজের সাফল্যের পর ‘সেপারেশন’ নিয়েও দর্শকদের আগ্রহ বাড়ছে। ফিকশনটি মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে।



























