“টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে”
শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই ‘জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতাল’-এ রূপান্তর করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ।
সোমবার শ্যামলীর টিবি হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ববি হাজ্জাজ বলেন, ‘ইনস্টিটিউটে রূপান্তরিত হলে যক্ষ্মা রোগের উন্নত চিকিৎসার পাশাপাশি রোগ নির্ণয়, বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ বহুলাংশে সম্প্রসারিত হবে। যক্ষ্মা নিয়ন্ত্রণে এটি আধুনিক ও সমন্বিত প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।’
হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে দ্রুত বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
হাসপাতালের ভবিষ্যৎ সক্ষমতা বাড়ানোর বিষয়েও পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, হাসপাতালের জন্য ৫০০ শয্যাবিশিষ্ট নতুন একটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দেন তিনি।
সভা শেষে ববি হাজ্জাজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন সামান্যতম ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



























