দেশ মেরামতে থ্রি-আর কৌশল অনুসরণ করছে সরকার: প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রগতির পথে এগিয়ে নিতে সরকার ‘থ্রি-আর’ কৌশল অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন—এই তিন ধাপের কৌশলের মাধ্যমে বাংলাদেশকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর ২০২৪ সালে বাংলাদেশ নতুন পথে যাত্রা শুরু করেছে। গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের মতো সমস্যার অবসান ঘটিয়ে দেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামনে এখন সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগ কাজে লাগিয়ে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ হিসেবে গড়ে তুলতে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কর্মযজ্ঞে উন্নয়ন সহযোগীদের সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।
তরুণ উদ্যোক্তা, গবেষক ও উদ্ভাবকদের জন্য স্টার্টআপ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরিতেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, চলতি অর্থবছরে এ খাতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখা হয়েছে।



























