শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১০, ২৫ সেপ্টেম্বর ২০২৬

অনুমতির আগেই টিকিট বিক্রি, শেষ মুহূর্তে কনসার্ট বাতিল

অনুমতির আগেই টিকিট বিক্রি, শেষ মুহূর্তে কনসার্ট বাতিল
ছবি: সংগৃহীত

রাজধানীতে আগামী ২৫ সেপ্টেম্বর মুর্তজা খিজিল কিজিলবাশের কনসার্ট আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ‘Dhaka Beats’ নামের একটি ফেসবুক পেইজ থেকে কনসার্টটির ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি আগাম টিকিট বিক্রি করা হলেও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে এখনো চূড়ান্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘Dhaka Beats’ থেকেই কনসার্টটির প্রচারণা চালানো হয় এবং সেখান থেকেই টিকিট বিক্রির তথ্য দেওয়া হয়। ফলে দর্শকদের কাছে প্রতিষ্ঠানটিই কনসার্টটির আয়োজক হিসেবে পরিচিতি পায়।

তবে অনুসন্ধানে জানা যায়, কনসার্ট আয়োজনের অনুমতির জন্য ‘International Global Affairs’ নামের একটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এ কারণে অনুষ্ঠানটির প্রকৃত আয়োজক এবং টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এদিকে ‘Dhaka Beats’-এর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পরও নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, এখনো চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা অনুবিভাগের অতিরিক্ত সচিব মুনিমা হাফিজ গণমাধ্যমকে বলেন, এখনো সরকারি সংস্থাগুলোর প্রতিবেদন তাদের হাতে আসেনি। প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রতিবেদন না এলে এ বিষয়ে তাদের কিছু করার থাকে না।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বর্তমানে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সচিব হারুন অর রশীদও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো প্রতিবেদন তাদের কাছে আসেনি। বিভিন্ন সংস্থার প্রতিবেদন পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবেদন পাঠানো হলে তারা চূড়ান্ত অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেন।

এদিকে কনসার্টের আগাম টিকিট কেনা দর্শকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অনুষ্ঠানটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত না হলে টিকিটের টাকা কীভাবে এবং কার মাধ্যমে ফেরত দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টিকিট গ্রহীতা বলেন, ‘এর মাধ্যমে স্ক্যামের সুযোগ রয়েছে। কারণ আয়োজক প্রতিষ্ঠান হিসেবে আমরা Dhaka Beats-কেই চিনি। এখন টাকা ফেরত দেওয়া নিয়ে একটি জটিলতা তৈরির শঙ্কা রয়েছে।’

এ অবস্থায় ২৫ সেপ্টেম্বরের নির্ধারিত কনসার্টটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, পাশাপাশি আগাম টিকিট বিক্রি ও অর্থ ফেরতের বিষয়ে আয়োজকদের পরবর্তী পদক্ষেপ কী হবে—এসব নিয়ে টিকিট গ্রহীতা ও দর্শকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ বিষয়ে ‘International Global Affairs’-এর কর্ণধার মারজিয়া ই জান্নাতের সঙ্গে কথা বলে সংবাদ পরিক্রমা। এক নামে সরকারি অনুমতির জন্য আবেদন করে অন্য নামে কনসার্টের প্রচার-প্রচারণা ও টিকিট বিক্রি করা হচ্ছে কেন—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টিকে ‘গুলিস্তান থেকে চশমা কিনে দামি কেইসে রাখা’র সঙ্গে তুলনা করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ‘International Global Affairs’ হলো গুলিস্তান থেকে কেনা চশমা, আর ‘Dhaka Beats’ হলো সেই চশমার দামি কেইস।

তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত অনুমতি না পাওয়ার পরও ‘Dhaka Beats’-এর পক্ষ থেকে অনুমতি পাওয়ার দাবি করা হচ্ছে কেন—এমন প্রশ্ন করা হলে এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি মারজিয়া ই জান্নাত।

সর্বশেষ

জনপ্রিয়