শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চারদিকে পর্যাপ্ত পানি থাকলেও শিল্পবর্জ্য ও দূষণের কারণে সেই পানি ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকার আশপাশে গড়ে ওঠা ১১টি শিল্পাঞ্চলের বর্জ্য পরিবেশ ও পানির ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
রোববার বিকেলে রাজধানীর পানি ভবনে আয়োজিত ‘বিশ্ব নদী দিবস ২০২৬ উদযাপন ও মার্ক এঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড গিভিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুপেয় পানির সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে দিন দিন এ সংকট আরও তীব্র হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাওয়ায় শুধু গভীর নলকূপ স্থাপন করে এর সমাধান করা সম্ভব নয়। তেলের জন্য যেভাবে যুদ্ধ চলছে, খুব শিগগিরই সুপেয় পানির জন্যও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে। তখন টাকা বা ডলার দিয়েও পানি পাওয়া সম্ভব নাও হতে পারে।
নিজের নির্বাচনি এলাকার অভিজ্ঞতা তুলে ধরে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনি এলাকায় গেলে সাধারণ মানুষের কাছ থেকে প্রায়ই গভীর নলকূপ স্থাপনের আবেদন পাওয়া যায়। কিন্তু চার থেকে সাড়ে চার লাখ মানুষের বিপরীতে বছরে ৩০০ থেকে ৫০০টি গভীর নলকূপ স্থাপন করে সুপেয় পানির চাহিদা পূরণ করা সম্ভব নয়।



























