বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইউএনওর বিরুদ্ধে সরকারি পুকুরের মাছ চুরির অভিযোগ

ইউএনওর বিরুদ্ধে সরকারি পুকুরের মাছ চুরির অভিযোগ
ছবিঃ সংগৃহীত

বদলির চিঠি পেয়েই বাগমারায় উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে রাতের আঁধারে মাছ ধরে বিক্রি করেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ। ৮৪ হাজার টাকার মাছ বিক্রির কথা স্বীকারও করেন তিনি। তবে এখনও সেই টাকা সরকারি কোষাগারে জমা হয়নি।

রাতের আঁধারে সরকারি পুকুরের মাছ চুরির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর ঘটনা উদঘাটনে এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। কিন্তু চার সপ্তাহ পেরিয়ে গেলেও আজও তা হয়নি।

জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদকে সম্প্রতি বাগমারা থেকে পাবনার সাঁথিয়া উপজেলায় বদলি করা হয়। বদলির চিঠি পাওয়ার পর বাগমারা ছাড়ার আগে গত ৪ সেপ্টেম্বর রাত ২টার দিকে তিনি রাতের আঁধারে উপজেলা পরিষদের পুকুর থেকে মাছ ধরে বিক্রি করেন।

অভিযোগ রয়েছে, সরকারি পুকুরের মাছ ধরার জন্য ইউএনও অফিসের সার্টিফিকেট অফিসার কাওছার আহমেদ জেলে ঠিক করেন। এরপর সংশ্লিষ্ট দুই কমিটির অনুমোদন ছাড়াই ওই পুকুর থেকে প্রায় লক্ষাধিক টাকার মাছ ধরা হয়। তবে ৮৪ হাজার টাকার মাছ বিক্রির কথা স্বীকার করেন অভিযুক্ত ইউএনও সেলিম আহমেদ।

ওইদিন ভবানীগঞ্জ পৌরসভার বিসমিল্লাহ মৎস্য আড়তে ৮৪ হাজার ১৪২ টাকার মাছ বিক্রির একটি ভাউচারও পাওয়া যায়। এ ঘটনার সঙ্গে ইউএনও অফিসের সার্টিফিকেট অফিসার কাওছার আহমেদ, নৈশপ্রহরী মোস্তাফিজুর রহমান ও ইউএনওর গাড়িচালক জামালসহ আরও কয়েকজন কর্মচারী জড়িত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

তবে সার্টিফিকেট অফিসার কাওছার আহমেদ এ ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নৈশপ্রহরী মোস্তাফিজুর রহমান বলেন, ‘শুধু আমাকে একা ধরছেন কেন? আরও তো চারজন ছিল। তাদেরও ধরেন।’

এ বিষয়ে বক্তব্যের জন্য বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউএনও সেলিম আহমেদের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না হওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে বাগমারার বর্তমান ইউএনও রিজু তামান্না বলেন, সরকারি পুকুরের মাছ বিক্রির টাকা কোষাগারে জমা না দিয়ে কার হেফাজতে রাখা হয়েছে, সেই তথ্য উদঘাটনের জন্য বিভাগীয় কমিশনারকে অবহিত করা হবে।

জনপ্রিয়