রূপগঞ্জে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষ, গুলি ও আগুন, তিনজন আহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি বর্ষণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তারাব পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়ার সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে যুবদল নেতা আরজু ইট দিয়ে রাফিনের মাথায় আঘাত করেন। পরে রাফিন মুড়াপাড়া থেকে লোকজন নিয়ে দুটি মোটরসাইকেলে বরপা বাসস্ট্যান্ডে এসে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এরই জেরে উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের একপর্যায়ে রাফিনের লোকজনের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন যুবদল নেতা আরজুর সমর্থকরা। পাশাপাশি ছাত্রলীগ নেতা ও তার স্বজনদের ১৬টি ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলামের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



























