সিআরবিতে আওয়ামী লীগের ব্যানারে মিছিল, ১২ জন আটক
জুমার নামাজের পর চট্টগ্রামের সিআরবিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। জব্দ করেছে একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেল।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিআরবির বক্ষব্যাধি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুমার নামাজের পর একটি মাইক্রোবাসে করে কয়েকজন যুবক সিআরবি এলাকায় আসেন। পরে তারা আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার হাতে নিয়ে মিছিল শুরু করেন। ঘটনাস্থলের কাছেই পুলিশের একটি টহল দল ছিল। মিছিল শুরু হলে পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেন। একপর্যায়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। পরে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাইক্রোবাস ও মোটরসাইকেলটি।
আটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী বলে তথ্য পাওয়া গেছে। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানার হাতে মিছিল করার সময় ১২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



























