আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই: এ্যানি
দীর্ঘ ১৭ বছরের শাসনামলে আওয়ামী লীগের কর্মকাণ্ডের পরিণতিতেই দলটি আজ নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই।
এ্যানি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় সরকার ও দলীয় নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলোর প্রতি ধৈর্য ধারণ ও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে জমে থাকা জটিলতা ও প্রশাসনিক অরাজকতা অল্প সময়ের মধ্যে পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। মাত্র ছয় মাসের মতো স্বল্প সময়ে পুরো ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার প্রত্যাশাও বাস্তবসম্মত নয়।
তিনি আরও বলেন, ‘এই সময়ে ধৈর্য না ধরে কথায় কথায় রাজপথে মিছিল, লংমার্চ কিংবা রোডমার্চের মতো কর্মসূচি দেওয়া দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়। বর্তমান পরিস্থিতির সঙ্গেও এসব কর্মসূচি সামঞ্জস্যপূর্ণ নয়।’
দত্তপাড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত প্রীতি ও পরিচিতি সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে সভাটি মিলনমেলায় পরিণত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন মহিলা দলনেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ স্থানীয় নারী নেত্রীরা।



























