ধর্ম নয়, সবার নাগরিক অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের প্রাপ্য অধিকার রক্ষায় সরকারপ্রধান হিসেবে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা-১৭ আসনের আটটি মন্দিরের প্রতিনিধিরা। এ সময় তারা প্রধানমন্ত্রীকে পূজার আমন্ত্রণ জানান।
বিএনপি সরকার গঠনের পর হিন্দু সম্প্রদায়ের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন নেতারা। পূজার ছুটি ও অনুদান বাড়ানোর জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে সরকার যতটুকু কাজ করেছে, তা নেতারাই স্বীকার করেছেন। আরও কিছু বিষয়ে কাজ করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের এসব উদ্যোগ থেকেই সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়।
দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে সব ধর্মের মানুষের অংশগ্রহণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেই যুদ্ধে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। একইভাবে ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের আন্দোলনেও ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষ অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির সংকটময় মুহূর্তে যখন ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেওয়া হয়নি, তখন অন্যান্য ক্ষেত্রেও ধর্মকে বিবেচনার কারণ নেই। দেশের স্বাধীনতা অর্জন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাই সম্মিলিতভাবে অংশ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।



























