বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ৪ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

স্বাস্থ্যসেবায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে বড় হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্বাস্থ্য অবকাঠামোর সক্ষমতা ও জ্বালানি চাহিদা যাচাই করে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোলার এক্সপো’র ‘সরকারি খাতে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে দৃষ্টান্ত স্থাপন’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন তিনি।

সরকারের বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) এ আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, স্বাস্থ্য খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কোনো সাধারণ সেবা নয়; এটি অপরিহার্য এবং সরাসরি স্বাস্থ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। জাতীয় পর্যায়ে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে তৃণমূল পর্যায়ে সরকারের প্রায় ১৫ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। এর পাশাপাশি জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালসহ বিস্তৃত স্বাস্থ্য অবকাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশ কার্যক্রম দিনের বেলায় পিক আওয়ারে পরিচালিত হয়, যা সৌরবিদ্যুৎ উৎপাদনের সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি বলেন, অপারেশন থিয়েটার, জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং টিকার কোল্ড চেইন সচল ও সুরক্ষিত রাখতে ডিজেলনির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বদ্ধপরিকর।

ড. এম এ মুহিত জানান, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশের সব স্বাস্থ্য অবকাঠামোর কাঠামোগত সক্ষমতা (স্ট্রাকচারাল অডিট) এবং জ্বালানি চাহিদা নিরূপণে অডিট সম্পন্ন করা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, হাসপাতাল এক দিনের জন্যও বন্ধ রাখা সম্ভব নয়। ফলে এসব প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল পরিশোধের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। তবে বিনিয়োগকারীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার পাশাপাশি অগ্নিকাণ্ড প্রতিরোধে সনদপ্রাপ্ত যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। প্রত্যন্ত অঞ্চলে স্থাপিত সৌর প্যানেলের চুরি ও ক্ষয়ক্ষতি ঠেকাতেও কার্যকর নিরাপত্তাব্যবস্থা রাখতে হবে।

জনপ্রিয়