মামাকে বিয়ে করতে হয়েছিল, ভালো লাগেনি : রাধিকা
দক্ষিণী সিনেমায় কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি তেলুগু ছবিতে তার চরিত্রকে নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল। শুধু তাই নয়, নিজের তুলনায় অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে রোমান্টিক দৃশ্যেও অভিনয় করতে হয়েছিল তাকে। ছবির গল্প থেকে শুরু করে শুটিংয়ের পরিবেশ—কোনোটিই ভালো লাগেনি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী সিনেমায় কাজের সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
রাধিকা জানান, ওই ছবিতে অভিনয় করাটা তার জন্য মোটেও সহজ ছিল না। ছবির গল্পের বিষয়বস্তু নিয়েও ছিল তার আপত্তি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনও কিছুই আমার ভালো লাগেনি।’
গল্পের পাশাপাশি সহশিল্পীর বয়সের ব্যবধান এবং পুরো কাজের পরিবেশ নিয়েও অসন্তুষ্ট ছিলেন রাধিকা।
অভিনেত্রী বলেন, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’
যদিও সাক্ষাৎকারে ছবিটির নাম সরাসরি উল্লেখ করেননি রাধিকা, তবে তার বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশের ধারণা, ২০১৪ সালে মুক্তি পাওয়া নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ‘লেজেন্ড’ সিনেমার কথাই বলেছেন অভিনেত্রী। ওই ছবিতে বালকৃষ্ণের বিপরীতে অভিনয় করেছিলেন রাধিকা। ফলে তার মন্তব্য ঘিরে বালকৃষ্ণের ভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
রাধিকার বক্তব্যের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একজন লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’
আরেকজন লিখেছেন, ‘অভিনেত্রী আদিল হুসেনের সঙ্গে ‘পার্চড’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন। সেখানে বয়সের ব্যবধান নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। শুধু দক্ষিণী ছবিতে বালকৃষ্ণ বা রজনীকান্তের মতো অভিনেতাদের বয়স নিয়ে আপত্তি করছেন তিনি।’



























