ওয়েস্ট হ্যামের কোচ হলেন স্কট পার্কার
ইংলিশ ফুটবলের পরিচিত মুখ স্কট পার্কারের কাঁধে নতুন দায়িত্ব তুলে দিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। চ্যাম্পিয়নশিপে দলের হতাশাজনক পারফরম্যান্সের জেরে নুনো এসপিরিতো সান্তোকে বিদায় করার পর সাবেক এই মিডফিল্ডারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাবটি। আড়াই বছরের চুক্তিতে ৪৬ বছর বয়সী পার্কারকে দায়িত্ব দিয়েছে লন্ডনের ক্লাবটি।
চ্যাম্পিয়নশিপ থেকে ফুলহাম, বোর্নমাউথ ও বার্নলিকে প্রিমিয়ার লিগে তুলে কোচ হিসেবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন পার্কার। তবে গত এপ্রিলে বার্নলির সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি। প্রিমিয়ার লিগ থেকে বার্নলির অবনমনের পরই ক্লাবটির দায়িত্ব ছাড়েন এই ইংলিশ কোচ।
বুধবার কার্ডিফ সিটির বিপক্ষে ম্যাচ দিয়েই ওয়েস্ট হ্যামের ডাগআউটে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে পার্কারের। তাকে সহযোগিতা করবেন প্রথম দলের কোচ স্টিভ পটস, জেরার্ড প্রেন্ডারভিল ও বিলি লেপিন। এ ছাড়া সাবেক সতীর্থ ও ক্লাবটির বর্তমান স্পোর্টিং ডিরেক্টর মার্ক নোবলও তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পার্কার। তিনি বলেন, ‘এই দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। এমন একটি ক্লাবে ফিরতে পেরে ভালো লাগছে, যা আমার ও আমার পরিবারের কাছে অনেক অর্থবহ।’
ওয়েস্ট হ্যামের সমর্থকদের সঙ্গে নিজের দীর্ঘদিনের আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরেছেন নতুন এই কোচ। পার্কার বলেন, ‘এখানে এমন উষ্ণতা, ভালোবাসা ও অনুভূতি পেয়েছি, যা অন্য কোথাও সম্ভবত পাইনি। সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই বিশেষ ছিল। শুরু থেকেই তাদের কাছ থেকে যে সম্মান ও আন্তরিকতা পেয়েছি, তা অসাধারণ।’



























