বুধবার ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৪ নভেম্বর ২০২৬

‘আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার’

‘আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়তে কাজ করছে সরকার’
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক যাতায়াত ও বাণিজ্য সহজ করার পাশাপাশি সীমান্ত অতিক্রমকারী বিভিন্ন ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক মানের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের মেঘনা হলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) আয়োজিত ‘বাংলাদেশে ইমিগ্রেশন ও বর্ডার গভর্নেন্স সংক্রান্ত আইওএম কৌশলগত রূপরেখা (২০২৭-২০৩১)’ শীর্ষক ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ এখন আগের যেকোনো সময়ের তুলনায় বহির্বিশ্বের সঙ্গে বেশি সংযুক্ত। ফলে আন্তর্জাতিক যোগাযোগ, যাতায়াত ও বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে সীমান্ত অতিক্রমকারী ঝুঁকি মোকাবিলার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।

তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনায় একদিকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বৈধ ভ্রমণ ও বাণিজ্যের গতিশীলতাও বজায় রাখতে হবে। এ লক্ষ্যে সরকার জাতীয় সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা কৌশল ২০২৬-২০৩১ এবং পাঁচ বছর মেয়াদি কৌশলগত সংস্কার ও উন্নয়ন রূপরেখা ২০২৬-২০৩১ গ্রহণ করেছে।

ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার, কাগজবিহীন প্রশাসনিক কার্যক্রম চালু এবং সরকারি সেবাগুলোর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়ানো বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

জনপ্রিয়