আ. লীগের ২ নেতার অর্থায়নে মিরপুর-গাজীপুরে তাণ্ডব : রাশেদ খাঁন
গাজীপুর, মিরপুর, আশুলিয়া ও সাভারে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির অভিযোগ তুলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও আন্দোলন চললে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে তা থামানোর দায়িত্ব সরকারের।
বুধবার (৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি অভিযোগ করেন, গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের অর্থায়নে তার অনুসারীরা শ্রমিক সেজে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিকে মিরপুর, আশুলিয়া ও সাভার অঞ্চলে আওয়ামী লীগ নেতা এস এম মান্নান কচির অর্থায়নে শ্রমিক আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে।
রাশেদ খাঁন জানান, বুধবার সরকারের পক্ষ থেকে পোশাকশ্রমিকদের দাবির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা নতুন মজুরি পাবেন। এ বিষয়ে মালিক ও শ্রমিক নেতারা একমত হয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও যদি আন্দোলন চলতে থাকে, তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে সেই আন্দোলন থামানো সরকারের দায়িত্ব।
রাশেদ খাঁন লেখেন, গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সরকারের অন্যতম দায়িত্ব হলো শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা।
পোস্টের শেষাংশে তিনি বলেন, প্রকৃত শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও শ্রমিক আন্দোলনের নামে ফ্যাসিস্টদের যেকোনো ষড়যন্ত্র ও আস্ফালন মোকাবিলা এবং দমন করতে বিএনপি সরকার বদ্ধপরিকর।



























