শনিবার ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৬ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গত ১৭ বছরে যারা দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, গুম-খুন ও গণহত্যার মাধ্যমে রক্ত ঝরিয়েছে, সেই ফ্যাসিবাদী শক্তির এ দেশে আর কোনো জায়গা হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীন, দেশ এবং ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ জানিয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর সময় লেগেছিল। আর ফ্যাসিবাদী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে লেগেছে ১৬ থেকে ১৭ বছর। এ সময়ে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকেই শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানাও এখনো জানা যায়নি। অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে গত ১৬-১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন, যাঁদের মধ্যে আমি নিজেও ছিলাম। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় আমি বেঁচে আঠি। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন।

জনপ্রিয়