বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:২০, ১৭ নভেম্বর ২০২৬

সংসদে নৌপথে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ

সংসদে নৌপথে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ
ছবিঃ সংগৃহীত

সংসদে নৌপথ ও বিভিন্ন ঘাটে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। নিজ আসনের বিভিন্ন এলাকায় বিআইডব্লিউটিএর নামে পণ্যবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ তুলে বিষয়টি বন্ধে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি। যদিও সংসদ সদস্যের প্রশ্নে ‘চাঁদা’ বলতে রাজি নন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এ প্রশ্ন করেন ওই সংসদ সদস্য।

প্রশ্নে তিনি বলেন, “সুনামগঞ্জ-১-এর মধ্যে বিভিন্ন জায়গায় বিআইডব্লিউটিএ নামে চাঁদাবাজির একটা উৎসব হয়। যেটা হচ্ছে মূলত আওয়ামী ফ্যাসি সরকারের আমলে মন-ইচ্ছা অনুযায়ী, যেখানে মন চায় সেখানেই তারা চাঁদার জন্য ইয়েতেছে।”

তিনি বলেন, “ঠিক এইভাবে আমাদের এখান থেকে প্রতিবছরই এখন ইজারা দেয়। এটা কি বাদ দেওয়া যাবে কিনা? নৌপরিবহন মন্ত্রী মহোদয়কে বলব, আমাদের এখান থেকে আমাদের ব্যবসায়ী যারা আছে, আমাদের অঞ্চলের এখান থেকে বালি আসে, চুনাপাথর আছে, কয়লা আসে। মাননীয় স্পিকার, এক মাইলও হয় না, এক কিলোমিটার হয় না। এর মধ্যেই একটা চাঁদা বসাইয়া দেয়।”

বিআইডব্লিউটিএর নামে এ ধরনের চাঁদা আদায় বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, মন্ত্রীর কাছে জানতে চান তিনি।

জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, “বিআইডব্লিউটিএ একটি স্বতন্ত্র সংস্থা। এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ। তাই বিভিন্ন ঘাট, যেখানে মানুষ পারাপারের সুযোগ আছে, বিভিন্ন পণ্য ট্রানজিটের সুযোগ আছে, সেগুলো রাজস্ব আদায়ের লক্ষ্যে আইন মেনে নিয়মিত প্রক্রিয়ায় ইজারা দেওয়া হয় এবং নির্দিষ্ট হারে ইজারা কালেকশন করা হয়।”

মন্ত্রী বলেন, “এটা একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া, স্বচ্ছ জবাবদিহিমূলক প্রক্রিয়া। কোনো অন্যায় অথবা অনিয়ম অথবা ধরেন অধিক হারে টাকা কালেকশনের যদি অভিযোগ থাকে, সুনির্দিষ্টভাবে যদি বলা যায়, নিশ্চয়ই বিআইডব্লিউটিএ এসে ব্যবস্থা নেবে এবং আমি তাদেরকে ব্যবস্থা নিতে বাধ্য করব।”

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, “কিন্তু চাঁদাবাজি বলতে যা বুঝিয়েছেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে সেটা করার কোনো গোষ্ঠী যদি ইজারা নিয়ে তার নামে হয়রানি করে, সেগুলো দমন করার এবং নিয়ন্ত্রণ করার আইনিভাবে সুযোগ আছে। আমাকে সুনির্দিষ্টভাবে অবগত করলে বিআইডব্লিউটিএ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।”

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়