রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ প‌রিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ২১ নভেম্বর ২০২৬

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত, বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

সরকার প্রধান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।

তিনি বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। সশস্ত্র দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা কাজ করেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তিনি বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি নিজেও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব এবং সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

বিএনপির শাসনামলে মুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।

বয়সের ভারে অনেক বীর মুক্তিযোদ্ধা আজ ক্লান্ত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জীবনের সায়াহ্নে এসেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। এ জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ-মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সম্মান ও সহযোগিতা অব্যাহত থাকবে।

জনপ্রিয়