রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ২১ নভেম্বর ২০২৬

ছয় অবকাঠামো প্রকল্পে ক্ষতি ১ লাখ ১৬ হাজার কোটি টাকা: বিশ্বব্যাংক

ছয় অবকাঠামো প্রকল্পে ক্ষতি ১ লাখ ১৬ হাজার কোটি টাকা: বিশ্বব্যাংক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের ছয়টি বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা ও দুর্বল পরিকল্পনার কারণে আনুমানিক ১ লাখ ১৬ হাজার ৪৮৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ এসব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ব্যয় বেড়েছে এবং অর্থনীতি কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হয়েছে।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ: ফিসকাল রিফর্মস ফর গ্রোথ, ইনভেস্টমেন্ট অ্যান্ড জবস’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ১৯ নভেম্বর প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষতির পরিমাণ ৯ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের সমান। আলোচিত ছয়টি প্রকল্প হলো—পদ্মা বহুমুখী সেতু, খুলনা-মোংলা রেললাইন, কর্ণফুলী টানেল, ঢাকা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি), ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেলপথ সম্প্রসারণ এবং দোহাজারী-কক্সবাজার রেললাইন।

বিশ্বব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, এসব প্রকল্প বাস্তবায়নে অদক্ষতা, অর্থায়নে বিলম্ব, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা এবং সম্ভাব্যতা যাচাই ও নকশায় ত্রুটির কারণে নির্ধারিত সময়ের তুলনায় মোট ৬০ বছর ১০ মাস বেশি সময় লেগেছে বা মেয়াদ বেড়েছে। অথচ প্রকল্পগুলোর প্রাথমিক অনুমোদিত মোট মেয়াদ ছিল ২৬ বছর। অর্থাৎ মূল পরিকল্পনার তুলনায় বাস্তবায়নে প্রায় ২ দশমিক ৩৪ গুণ অতিরিক্ত সময় যুক্ত হয়েছে।

সময় বাড়ার সঙ্গে বেড়েছে প্রকল্প ব্যয়ও। ছয়টি প্রকল্পের প্রাথমিক অনুমোদিত ব্যয় ছিল ২৫ হাজার ৭০ কোটি ৫৭ লাখ টাকা। পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৬৭ কোটি ৪৬ লাখ টাকায়। এতে সরাসরি ব্যয় বেড়েছে প্রায় ৪১ হাজার ৯৭ কোটি টাকা। এ ছাড়া প্রকল্পগুলো সময়মতো চালু না হওয়ায় প্রত্যাশিত আয় ও অর্থনৈতিক সুফল থেকেও বঞ্চিত হয়েছে দেশ।

প্রতিবেদনে প্রকল্পভিত্তিক ব্যয় ও মেয়াদ বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। ২০০৭ সালে ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত পদ্মা সেতু প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৩০৫ কোটি ৫২ লাখ টাকা। এতে মূল ব্যয়ের তুলনায় ২২ হাজার ১৪৩ কোটি ৭৭ লাখ টাকা বেড়েছে এবং মেয়াদ বেড়েছে ৯ বছর।

খুলনা-মোংলা রেলপথ প্রকল্পের ব্যয় ১ হাজার ৭২১ কোটি ৩৯ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ৪ হাজার ২২৫ কোটি ৭১ লাখ টাকা। প্রকল্পটির মেয়াদও প্রায় ১১ বছর ৬ মাস বেড়েছে। কর্ণফুলী টানেল প্রকল্পের ব্যয় ৮ হাজার ৪৪৬ কোটি ৬৩ লাখ টাকা থেকে বেড়ে প্রায় ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লাখ টাকা হয়েছে।

ঢাকা-টঙ্গী-জয়দেবপুর রেলপথ সম্প্রসারণ প্রকল্পের ব্যয় ৮৪৮ কোটি ৬০ লাখ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৩৪২ কোটি ৫৫ লাখ টাকা হয়েছে। অন্যদিকে, দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের ব্যয় ১ হাজার ৮৫২ কোটি ৩৫ লাখ টাকা থেকে বেড়ে দ্বিতীয় সংশোধনে ১১ হাজার ৩৩৫ কোটি ৯৭ লাখ টাকা নির্ধারণ করা হয়।

গাজীপুর-বিমানবন্দর বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা ও ব্যয় বৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। ২০১২ সালে ২ হাজার ৩৯ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে অনুমোদিত প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে দীর্ঘদিনের ভোগান্তি ও ব্যয় বৃদ্ধির পর প্রকল্পটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে এতে ২ হাজার ৮১১ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।

প্রকল্প বাস্তবায়নে বিলম্বের কারণ হিসেবে সাবেক পরিকল্পনা সচিব মামুন আল রশিদ অপর্যাপ্ত সমীক্ষা, ত্রুটিপূর্ণ নকশা, প্রকল্প পরিচালকদের অদক্ষতা এবং উন্নয়ন সহযোগীদের অর্থ ছাড়ে বিলম্বের কথা উল্লেখ করেছেন। বিশ্বব্যাংকের প্রতিবেদনকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, প্রকল্প নির্ধারিত সময়ে শেষ না হলে জনগণ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হয়। এতে শুধু প্রকল্পের ব্যয় বাড়ে না, অর্থনীতিতে যে সুফল আসার কথা ছিল, সেটিও হারিয়ে যায়।

প্রতিবেদনে দেশের মূলধন ব্যয় ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মূলধন ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ২ দশমিক ৮ শতাংশে নেমেছে। তুলনীয় দেশগুলোতে এ ব্যয়ের গড় ৫ দশমিক ২ শতাংশ।

এ ছাড়া প্রকল্প প্রস্তুতিতে গড়ে প্রায় সাড়ে তিন বছর এবং জমি অধিগ্রহণে আরও দুই থেকে তিন বছর সময় লাগে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে প্রকল্পের কাজ শুরু হওয়ার আগেই দীর্ঘ সময় পার হয়ে যায়। পরে বাস্তবায়নে বিলম্বের কারণে প্রকল্প সংশোধন ও ব্যয় বৃদ্ধির ঘটনা ঘটে।

বিদ্যুৎ খাতের পরিস্থিতি তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দশকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৬০ শতাংশ বাড়লেও ২০১৩-১৪ অর্থবছরের পর সঞ্চালন লাইন বেড়েছে মাত্র ৬০ শতাংশ। ফলে উৎপাদন সক্ষমতা ও সঞ্চালন ব্যবস্থার মধ্যে অসামঞ্জস্য তৈরি হয়েছে। উৎপাদন সক্ষমতা বেশি থাকা সত্ত্বেও সঞ্চালন জটিলতা ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাস্তবায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে বিশ্বব্যাংক। ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এ প্রকল্পের প্রথম ইউনিট ২০২৬ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় ইউনিট ২০২৭ সালের ডিসেম্বরে চালুর সংশোধিত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একাধিকবার সময়সীমা পরিবর্তন এবং চূড়ান্ত বিদ্যুৎ ট্যারিফ নির্ধারিত না হওয়ায় প্রকল্পটির ব্যয় নিয়ে উদ্বেগের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ক্ষতি কমাতে সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় সংস্কার, প্রকল্প অনুমোদনের আগে স্বাধীন ও নিরপেক্ষ সম্ভাব্যতা যাচাই, আগাম জমি অধিগ্রহণ এবং উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি প্রকল্প পরিচালকদের জবাবদিহি, রক্ষণাবেক্ষণ ব্যয়ের পরিকল্পনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব ব্যবস্থাকে কার্যকর করার তাগিদ দেওয়া হয়েছে।

বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, রাজস্ব ও ব্যয় ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে ২০৩৫-৩৬ অর্থবছরে দেশের মূলধন ব্যয় জিডিপির ৬ শতাংশে উন্নীত হতে পারে। এতে অবকাঠামো ঘাটতি পূরণ, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা মিলতে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়