চাটখিলে মাটি কাটার অভিযোগে সাবেক ছাত্রদলকর্মী আটক
নোয়াখালীর চাটখিলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভেতর থেকে রাতের আঁধারে সরকারি জায়গার মাটি কেটে নেওয়ার অভিযোগে আসিফ নামে এক সাবেক ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত আড়াইটার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। আটক আসিফ উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বারইপাড়া গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি একসময় ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে এভাবে সরকারি জায়গার মাটি কেটে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।
চাটখিল উপজেলা ছাত্রদলের নেতারা জানান, আসিফ একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও গত ১০ থেকে ১২ বছর ধরে তিনি সংগঠনে নিষ্ক্রিয়। তাঁর বিরুদ্ধে প্রশাসন যেকোনো ব্যবস্থা নিলে ছাত্রদল সহযোগিতা করবে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সরকারি জায়গা থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ফোরলেন সড়ক নির্মাণকাজের ঠিকাদার বাদী হয়ে থানায় মামলা করেছেন।



























