রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২৩:৪১, ২১ নভেম্বর ২০২৬

দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের মিলনমেলা

দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার ও আইটি উদ্যোক্তাদের মিলনমেলা

দিনাজপুরে উত্তরবঙ্গের ফ্রিল্যান্সার, আইটি পেশাজীবী ও অনলাইন উদ্যোক্তাদের অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৫০০ জন ফ্রিল্যান্সার অংশ নেন। অতিথি হিসেবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সাররা বিভিন্ন সেশন পরিচালনা করেন। 

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টায় দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে এ মিলনমেলা শুরু হয়। বৃহত্তর দিনাজপুর ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েশন (জিডিএফএ) আয়োজিত এ মিলনমেলা দিনব্যাপী চলে।

অনুষ্ঠানে জিডিএফএ সভাপতি মো. রুস্তম আলী বলেন, উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ঢাকার বাইরেও বিশ্বমানের দক্ষ ফ্রিল্যান্সার রয়েছেন। তাঁদের একত্রিত করে অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্কিং ও কানেক্টিভিটি তৈরির পাশাপাশি এ প্রযুক্তিকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তাঁরা কাজ করছেন। এ মিলনমেলা উত্তরবঙ্গের ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ফ্যাসেটের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আসিফ নাহিন তাপস আন্তর্জাতিক পেমেন্ট গ্রহণ এবং বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে উপার্জিত অর্থ দেশে আনার বিষয়ে আলোচনা করেন।

দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, অভিজ্ঞতা বিনিময়, সফল ফ্রিল্যান্সারদের কাজের অভিজ্ঞতা তুলে ধরা এবং গ্রুপ অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সনহোস্টের প্রতিষ্ঠাতা ও পার্পল আইটি লিমিটেডের চেয়ারম্যান মাসুমুল হক, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সালেহ আহমেদ, আপওয়ার্কের প্রিন্সিপাল ডিজাইনার মামুন সৃজন, ডিজাইন মাংকস ও ডেভ মাংকসের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান, গিয়ারলঞ্চার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এসএসম বেলাল উদ্দীন এবং বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশনের সভাপতি মুজাহিদুল ইসলামসহ দেশের বিভিন্ন খাতের আইটি উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা।

এছাড়া স্থানীয় আয়োজকদের মধ্যে মাসুম পারভেজ, মুকিদ হায়দার, আরাফাত হোসেন ও রিফাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়