বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের কর্মকর্তা আটক
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার (আইসিটি শাখা) মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সম্প্রতি জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি ‘নারীবিদ্বেষী’ পোস্ট প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে নির্বাচনী প্রচারণার মধ্যেও উত্তাপ ছড়ায়। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, দলের প্রধানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল।

এ ঘটনার প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষাপটে মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে অভিযোগ দায়ের করে। 

পরে ঢাকা মহানগর পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জামায়াতের অভিযোগের ভিত্তিতে রাতে মতিঝিল এলাকা থেকে মোহাম্মদ ছরওয়ারে আলমকে আটক করা হয়। তাকে ধরতে রাজারবাগ পুলিশ লাইনের সরকারি স্থাপনাতেও অভিযান চালানো হয়।

এদিকে বঙ্গভবন থেকে বের হয়ে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম দাবি করেন, বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে বঙ্গভবনে অভিযোগ জানানো হয়েছে এবং তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, বঙ্গভবনে গিয়ে প্রতিনিধি দলটি রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করে। বৈঠকে তারা অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এ বিষয়ে বঙ্গভবনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

সর্বশেষ