ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এবারের নির্বাচনে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শুধু নিজেরা ভোট দিলেই হবে না, সাধারণ মানুষের বিশেষ করে আমাদের মা-বোনদের ভোট দেয়ার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একদিন কষ্ট করলে আগামী পাঁচ বছর নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন।
সোমবার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরো ইউনিয়নের গোয়ালঝাড়া বাজারে সাতমেরো উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলমের সমর্থনে আয়োজিত এনসিপির নির্বাচনি পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বাংলাদেশের এক নাম্বার আসনে এক নাম্বার প্রার্থী লাগবে। আপনাদের এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছে ঠিকই। কিন্তু এই এলাকার মানুষের জন্য কোন কাজ করেনি। যিনি এমপি না হয়েই আপনাদের এলাকার পর্যটন শিল্প ও রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছেন। এখন আপনারা সারজিস আলমকে এমপি বানালে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করে যাবেন।
তিনি বলেন, আমরা দেখেছি গত ৫৪ বছর ধরে ওয়ার্ড কমিশনারের ছেলে কমিশনার, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান, এমপি-মন্ত্রীর ছেলে এমপি মন্ত্রী হয়। আমরা চাই আপনাদের ছেলেও একদিন চেয়ারম্যান, কমিশনার, এমপি ও মন্ত্রী হবে। শাপলা কলিতে ভোট দিলে আপনাদের এই পঞ্চগড় জেলায় কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হবে না। চিকিৎসার অভাবে কাউকে মরতে হবে না। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।



























