মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল : রিজভী
মেজর জিয়ার ঘোষণা জাতিকে দিশা দিয়েছিল বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দলের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, ‘মহান স্বাধীনতা দিবস বিশ্ব মানচিত্রে বাংলাদেশের স্বতন্ত্র পরিচয় দিয়েছে। অনেক প্রাণ ও রক্তপাতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার ঘোষণা দিয়ে মেজর জিয়াউর রহমান দিশেহারা জাতিকে নতুন পথ দেখিয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতা অর্জনের যে গৌরব, তার মধ্য দিয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তবে যারা স্বাধীনতাকে দুর্বল করতে চেয়েছিল, তারা আজ পরাজিত। বিগত সময়ে মানুষের সকল স্বাধীনতা কেড়ে নিয়ে গুম ও খুনের মাধ্যমে এক ভয়াবহ বন্দিদশা এবং উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করা হয়েছিল।’
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন উল্লেখ করে রিজভী বলেন, তার ত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এখন মানুষ কমপক্ষে নির্ভয়ে কথা বলতে পারছে। অন্তত এইটুকু নিশ্চয়তা তৈরি হয়েছে যে, মন খুলে কথা বললে এখন আর গুম বা খুনের শিকার হতে হবে না।



























