আবারও ‘বিপ্লবের’ ডাক জামায়াত আমিরের
আবারও ‘বিপ্লবের’ ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রাজধানীর বিজয়নগরে আয়োজিত ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ থেকে এ ডাক দেন তিনি।
একই সমাবেশে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
মঙ্গলবার বিকালে রাজধানীর বিজয়নগরে ‘গুম, খুন ও গণহত্যার বিচার’ দাবিতে আয়োজিত এ সমাবেশে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্য জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
শফিকুর রহমান বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর গুম-খুনের বিচারের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখন ভুলে যাওয়া হয়েছে, বরং দলীয় অনুগত ব্যক্তিদের প্রশাসনে বসানো হচ্ছে এবং দেশকে আবারও একদলীয় ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে আরেকটি বিপ্লব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি নেতাকর্মীদের সেই বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
অন্যদিকে, সমাবেশে বক্তব্য দিয়ে নাহিদ ইসলাম বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ অসংখ্য গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। কিন্তু এসব ঘটনার বিচার নিশ্চিতে সরকার ব্যর্থ হয়েছে। এ কারণে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি।
সমাবেশে জোটভুক্ত অন্য নেতারাও অভিযোগ করেন, গুম-খুন ও গণহত্যার অভিযোগে বিচার প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ধীরগতিতে এগোনো হচ্ছে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেও তারা মন্তব্য করেন।
এদিকে, এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য জোট।



























