শুক্রবার ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ৭ আগস্ট ২০২৬

প্রয়াত সৈয়দ উপল বখতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রয়াত সৈয়দ উপল বখতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তথ্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের একমাত্র পুত্র সৈয়দ উপল বখতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর মিরপুরস্থ সাংবাদিক আবাসিক কলোনি মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র ইমাম ও মসজিদুল ফারুকের খতিব ইমাম মাওলানা মো. মিজানুর রহমান এবং মসজিদুল ফারুকের ইমাম মাওলানা ওসমান গনি।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য আমানত হোসেন আমানতসহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও দেশের বিশিষ্ট রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রয়াত সৈয়দ উপল বখতের স্মৃতিচারণ করেন। তাঁদের মধ্যে ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, উপল বখতের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হাসান, সামাজিক বন্ধু আনোয়ারুল মিলন, আলিমুজ্জামান খান এবং এমবিআরের সাবেক সচিব আব্দুল মজিদ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৩ আগস্ট ২০২৬, সোমবার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক তথ্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতের প্রিয় পুত্র সৈয়দ উপল বখত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন।

সৈয়দ উপল বখত ছিলেন অত্যন্ত সাদা মনের, বিনয়ী ও সদালাপী একজন মানুষ। তিনি একজন বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রয়াত উপল বখতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার জন্য দোয়া করা হয়।

জনপ্রিয়