“বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো শেয়ারবাজারে লুটপাট হয়নি”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে কখনো শেয়ারবাজারে লুটপাট হয়নি। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বিএনপি বরাবরই গুরুত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির আমলে গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। মেগা প্রজেক্ট কিংবা ফ্লাইওভার নির্মাণকে উন্নয়নের একমাত্র সূচক হিসেবে দেখানো হয়নি। বরং মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময় গুরুত্ব দিয়েছে।
রিজভী বলেন, দেশের বিভিন্ন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া একজন যোগ্য অর্থমন্ত্রী পেয়েছিলেন, যিনি আন্তর্জাতিকভাবে সমাদৃত ছিলেন। একই সঙ্গে তিনি দেশের কৃষিভিত্তিক অর্থনীতির বাস্তবতাও গভীরভাবে উপলব্ধি করতেন।
সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, তিনি অর্থমন্ত্রী থাকাকালে কখনো শেয়ারবাজারে লুটপাট হয়নি। ১৯৯১ থেকে ১৯৯৬ কিংবা ২০০১ থেকে ২০০৬—কোনো সময়ই শেয়ারবাজারে লুণ্ঠন হয়নি।
তিনি বলেন, এর পেছনে সাইফুর রহমানের দক্ষ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। শেয়ারবাজারে কারা ফটকাবাজি করছে, তা তিনি বুঝতে পারতেন এবং প্রয়োজন অনুযায়ী লকইনসহ বিভিন্ন পদক্ষেপ নিতেন।



























