বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলা-পাল্টা হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারে, বেড়েছে অপরিশোধিত তেলের দাম।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ০.৫৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬.৮০ ডলারে উঠেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২.১৪ ডলারে পৌঁছেছে।
তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি জাহাজ এবং অনুমোদনহীন পথে চলাচলকারী তিনটি তেলবাহী ট্যাংকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতেই এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে ওয়াশিংটনের বক্তব্য ভিন্ন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থানরত ইরানি যুদ্ধজাহাজগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডের জবাব দিতে তারা ওই সামরিক অভিযান চালিয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরুর পর থেকেই আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়ছে। এ সময়ের মধ্যে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ সংকট আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে, পরিস্থিতির অবনতি হলে শুধু জ্বালানি বাজার নয়, বিশ্ব অর্থনীতিতেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।



























