এখন মানুষ বলছে, আর কখনও বিএনপিকে ভোট দেব না : কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আমার বয়স এখন ৮৮ বছর। এতদিনে কখনো শুনিনি, কোনো সরকার গঠন হওয়ার পরপরই মানুষ বলছে, এই সরকার টিকবে না। এখন মানুষ বলছে, আর কখনও বিএনপিকে ভোট দেব না।’
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।
লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিই প্রমাণ করে, জনগণের মধ্যে ব্যাপক সমর্থন রয়েছে। তারেক রহমান তার দলের নেতাকর্মীদের ঘুম থেকে জাগানোর চেষ্টা করতে পারেন। কারণ, তারা দেরিতে ঘুম থেকে ওঠেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বেগম জিয়ার অনুরোধে তাকে তিনি একসময় নিজের এলাকায় নিয়ে গিয়েছিলেন। মানুষ তাকে ‘শিলং সালাহউদ্দিন’ বলে। তিনি বলেছিলেন, কোরআন-সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবেন। এখনো কি তিনি সেই অবস্থানে আছেন?
অলি আহমদ বলেন, সৎ ও ঈমানদার মানুষদের দিয়ে দেশ পরিচালনা করতে হবে। বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলবে না।
তিনি বলেন, ১১ দলীয় জোটের আন্দোলন প্রথম ধাপ শেষ করে দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে। সরকার দাবিগুলো মেনে না নিলে আইনানুগভাবেই তা আদায় করা হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এই লংমার্চ।



























