বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৮:৩১, ৯ সেপ্টেম্বর ২০২৬

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে: রিজভী
ছবি: সংগৃহীত

নারীদের রাজনীতি, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত না হলে কোনো সভ্যতাই পূর্ণতা লাভ করতে পারে না। নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী নারী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার ভূমিকা পালন করে আসছে। নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীন মতপ্রকাশের কারণে ফেসবুকে লেখালেখি করে গ্রেপ্তার হওয়া নারীদের পরিবারের পাশেও সংগঠনটির নেতাকর্মীরা দাঁড়িয়েছেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে খাদিজা, নুসরাতসহ অসংখ্য নারী নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিটি ক্ষেত্রেই জাতীয়তাবাদী মহিলা দল রাজপথে প্রতিবাদ করেছে। অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে সংগঠনটির কণ্ঠ সবসময়ই উচ্চারিত হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়