বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১৮ নভেম্বর ২০২৬

আওয়ামী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের

আওয়ামী সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক জামায়াতের
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর (শনিবার) রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মগবাজারে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, “নির্বাহী পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। ২১ নভেম্বর রাজধানীতে এই সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করব। ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচির বিষয়ে বিস্তারিত আগামীকাল ঘোষণা করা হবে।”

গোলাম পরওয়ার আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী জনতা এবং সব রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, যার যার অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করুন এবং এই ফ্যাসিবাদের পুনর্বাসনের বিরুদ্ধে আপনারা ময়দানে আসুন এবং কর্মসূচি পালন করুন।”

জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে উদ্ধৃত করে সেক্রেটারি জেনারেল আরও বলেন, “ফ্যাসিবাদ হচ্ছে একটা ভাইরাস। বর্তমানে সরকারের দিকে তাকালে দেখা যাচ্ছে ফ্যাসিবাদী হওয়ার জন্য যত আলামত এবং চরিত্র দরকার—সব তাদের মধ্যে দেখা যাচ্ছে। তবে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থাকবে।”

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে তিনি আরও বলেন, “রাষ্ট্রগঠনের এত বড় প্রতিশ্রুতি যদি রাষ্ট্র ভঙ্গ করে, সরকার করে, সেটার আর কোনো ক্ষতিপূরণ হয় না। আজ সংসদ অধিবেশনের শেষ দিন। সমাপনী বক্তব্য প্রধানমন্ত্রীও রাখবেন, বিরোধীদলীয় নেতাও রাখবেন। দেশবাসী আশা করছে, তাদের দিকে তাকিয়ে আছে, জুলাই সনদ নিয়ে সৃষ্ট সংঘাত রাজপথে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সমাধানের একটা বার্তা প্রধানমন্ত্রী যেন দেন।”

জনপ্রিয়