ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। কান্নাজড়িত কণ্ঠে তিনি মন্তব্য করেন, “ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না।”
তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচনই সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব নয়।
এদিকে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএসসহ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত আন্দোলনকারীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে বিচারের দাবিতে গেলে পুলিশ বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে।



























