সোমবার ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:৩১, ৯ মার্চ ২০২৬

‘বুমরাহ আমাদের জাতীয় সম্পদ’

‘বুমরাহ আমাদের জাতীয় সম্পদ’
ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়ল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পাশাপাশি প্রথম দল হিসেবে তিনবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে সূর্যকুমার যাদবের দল।

ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত। এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার ট্রফি জয়ের নজিরও গড়ে তারা। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও যোগ হয়েছে তাদের অর্জনের তালিকায়।

ভারতের এবারের শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন জাসপ্রিত বুমরাহ। টুর্নামেন্টজুড়ে বেশিরভাগ মাঠই ছিল ব্যাটিং সহায়ক, ফলে ব্যাটারদের রানবন্যা দেখা গেছে প্রায় প্রতিটি ম্যাচেই। তবে সেই রান উৎসবের মাঝেও ব্যতিক্রম ছিলেন বুমরাহ। তার নিয়ন্ত্রিত ও ধারালো বোলিংয়ে বারবার চাপে পড়েছে প্রতিপক্ষ ব্যাটাররা।

ফাইনাল ম্যাচেও নিজের সেরা পারফরম্যান্স উপহার দেন এই পেসার। হাই স্কোরিং ম্যাচে কৃপণ বোলিংয়ের সঙ্গে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সেই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে কিউইরা। ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে বুমরাহর হাতেই।

বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে তিনি বলেন, “গত ম্যাচের পর সাঞ্জু বলেছিল, ম্যাচসেরার পুরস্কার সে জাসপ্রিত বুমরাহকে দিতে চায়। এক প্রজন্মে এমন বোলার একজনই আসে। এই মুহূর্তে আমি তাকে জাতীয় সম্পদ বলতেই পারি।”

তিনি আরও বলেন, “সে জানে কখন কী করতে হয় এবং কীভাবে করতে হয়। কোনো সন্দেহ নেই, এই মুহূর্তে সে খেলাটির সেরাদের একজন। আশা করি সে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখবে।”

সর্বশেষ