সেমিফাইনালে বৃষ্টি হলে ফাইনাল খেলবে যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে উঠেছে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আজ ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। পরদিন ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে ভারত ও ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, বৃষ্টির কারণে খেলা ব্যাহত হলে রাখা হয়েছে রিজার্ভ দিনের ব্যবস্থা। নকআউট পর্বে ফল নির্ধারণের জন্য দুই ইনিংসে অন্তত ১০ ওভার করে খেলা সম্পন্ন হওয়া বাধ্যতামূলক। নির্ধারিত দিনে ম্যাচ শেষ না হলে অতিরিক্ত ৯০ মিনিট সময় বাড়ানো হবে। এরপরও খেলা সম্ভব না হলে রিজার্ভ ডেতে বাকি অংশ অনুষ্ঠিত হবে, যেখানে অতিরিক্ত ১২০ মিনিট রাখা হয়েছে।
যদি নির্ধারিত দিনে এক ওভারও খেলা না হয়, তাহলে রিজার্ভ ডেতে ম্যাচ শুরু হবে নতুন করে। আর বৃষ্টির কারণে মাঠে খেলা সম্ভব না হলে সুপার এইটের পয়েন্ট তালিকার ভিত্তিতে ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে গ্রুপপর্বে শীর্ষে থাকা দল সুবিধা পাবে। প্রথম সেমিফাইনাল থেকে দক্ষিণ আফ্রিকা এবং দ্বিতীয় সেমিফাইনাল থেকে ইংল্যান্ড ফাইনালে উঠবে।
টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।



























