মেসিকে সম্মান জানিয়ে বিরল দৃষ্টান্ত ইন্টার মিয়ামির
মার্কিন ক্লাব ইন্টার মায়ামি ফুটবল ক্লাব তাদের নতুন স্টেডিয়ামে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি -কে ঘিরে এক অনন্য সম্মানের উদ্যোগ নিয়েছে। ক্লাবটির নতুন ভেন্যুর একটি দর্শক গ্যালারির নাম রাখা হচ্ছে ‘লিও মেসি স্ট্যান্ড’, যা আধুনিক ফুটবলে বিরল এক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ২৬ হাজার ৭০০ দর্শক ধারণক্ষমতার নতুন স্টেডিয়ামে থাকবে এই বিশেষ গ্যালারি। আগামী ৪ এপ্রিল উদ্বোধনী ম্যাচ থেকেই ‘লিও মেসি স্ট্যান্ড’ নামে এটি আনুষ্ঠানিকভাবে চালু হবে।
ক্লাবটির ভাষ্য, “আমাদের ১০ নম্বর জার্সিধারী অধিনায়ককে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। বিশ্ব ক্রীড়াঙ্গনে এমন ঘটনা খুব কমই দেখা যায়—একজন খেলোয়াড় নিজের ঘরের মাঠে খেলছেন, আর সেই স্টেডিয়ামেই তার নামে একটি স্ট্যান্ড রয়েছে।”
ফোর্ট লডারডেলের চেজ ফুটবল স্টেডিয়াম -এর পরিবর্তে নতুন এই স্টেডিয়ামই এখন থেকে ইন্টার মায়ামির স্থায়ী ঠিকানা। ২০২০ সালে এমএলএস প্রতিযোগিতা -এ যোগ দেওয়ার পর এতদিন দলটি সেখানেই নিজেদের হোম ম্যাচ খেলেছে।
২০২৩ সালে মেসির যোগ দেওয়ার পর থেকেই বদলে যায় ক্লাবটির ভাগ্য। তার নেতৃত্বে ইতোমধ্যে একাধিক শিরোপা জিতেছে ইন্টার মায়ামি, যার মধ্যে রয়েছে লিগস কাপ ২০২৩ ফুটবল টুর্নামেন্ট এবং এমএলএস কাপ ২০২৫। ক্লাবটির মতে, মেসির বর্তমান অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “সাধারণত এমন সম্মান অতীতের স্মৃতি থেকে দেওয়া হয়। কিন্তু এটি ভিন্ন—এটি বর্তমানের এক অসাধারণ সময়কে উদযাপন করা। লিও মাঠে নামলেই আমরা যে অনুভূতি পাই, সেটিরই প্রতিফলন এই উদ্যোগ।”
সবশেষে ক্লাবটি জানায়, “সম্মান জানানো মানেই সবসময় কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। কখনও কখনও এটি একটি চলমান অসাধারণ মুহূর্তের স্বীকৃতি।”



























