বীরগঞ্জে বাসায় অবৈধ তেল মজুত, ৩৮০ লিটার জব্দ, ১ জনের জেল-জরিমানা
জ্বালানি তেলের সংকটকে পুঁজি করে অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন।
পৃথক অভিযানে অবৈধ তেল মজুদের দায়ে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিতোষ কুমার রায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়।
এ সময় ৩৫০-৩৮০ লিটার ডিজেল ও প্রায় ৩০-৩৪ লিটার অকটেন উদ্ধার করা হয়, যা অবৈধভাবে মজুদ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে স্বীকার করেন অভিযুক্ত।
ঘটনার সত্যতা পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিতোষ কুমার রায়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন জানান, জ্বালানি তেল নিয়ে কালোবাজারি, অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো চেষ্টা কারীদের ছাড় দেয়া হবে না। সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে যারা অবৈধভাবে মুনাফা করতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন জানায়, জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এদিকে, একইদিনে সকালে বীরগঞ্জ পৌরসভার জননী ফিলিং স্টেশনে পৃথক অভিযানে বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১৬ জন মোটরসাইকেল আরোহীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।



























