যমুনা সেতুতে একদিনেই টোল আদায় সাড়ে ৩ কোটি টাকা
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ঢাকায় ফেরার ঢল নামায় যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক)-এর যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২টা থেকে শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিপুলসংখ্যক যানবাহন সেতু অতিক্রম করে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬ হাজার ২২২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা। অন্যদিকে, ঢাকাগামী ৩০ হাজার ৫৬টি যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করায় সড়কে এই অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে দুই পাশে দুটি করে বুথ মোটরসাইকেলের জন্য আলাদাভাবে নির্ধারিত। যানজট এড়াতে সার্বক্ষণিক টোল আদায় কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে।



























