শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল!

‘হাজারবার’ বর্ণবাদের শিকার হয়েছেন ইয়ামাল!
ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবলে বর্ণবাদের ঢেউ নতুন নয়। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়রের বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনা দেখা গেছে বহুবার। কিন্তু অগোচরে ‘হাজারবার’ বর্ণবাদের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানালেন বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল।

১৯ বছর বয়সী তারকা বললেন, মানুষ মাঝেমধ্যে ‘অজান্তেই’ বর্ণবাদী হয়ে উঠতে পারেন এবং ‘যা ভুল তা কখনও গ্রহণযোগ্য নয়’। লা লিগায় ছয় ম্যাচে সাত গোল করে দারুণ ফর্মে থাকা ইয়ামাল সম্প্রতি মুভিস্টার-এর সঙ্গে সাক্ষাৎকারে বসেছিলেন। সেখানেই বর্ণবাদের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেন তিনি।

ইয়ামাল বলেন, ‘হাজারবার (আমি বর্ণবাদের শিকার)। লোকেরা অজান্তেই পরোক্ষভাবে বর্ণবাদী আচরণ করতে পারে। অনেক মন্তব্য যেগুলো দেখতে বর্ণবাদীর মতো, কিন্তু সেগুলো তারা বোঝে না।’

তিনি আরও বলেন, ‘আমি এখন এমন এক জায়গায় আছি যে, ব্যাপারটা যে মেনে নেওয়া হয় তা নয়, কারণ যা ভুল তা আপনি কখনোই মেনে নিতে পারেন না, কিন্তু (যখন এমনটা ঘটে) তখন তা আপনাকে বিচলিত করে না।’

ইয়ামাল জানান, একবার প্রতিপক্ষের এক ভক্ত তাকে কালো বলেছিলেন। কিন্তু প্রতিক্রিয়া দেখাননি। তাতে উল্টো হতভম্ব হয়ে পড়েছিলেন ওই ভক্ত। তিনি বলেন, ‘বার্নাব্যুতে একটা বেশ পরিচিত ভিডিও আছে যেখানে লোকেরা রাফিনিয়া ও আমাকে নিয়ে অনেক কিছু বলছিল। আমার প্রতিক্রিয়া দেখে সবাই হতভম্ব হয়েছিল। আমাকে কালো বলাটা বিচলিত করেনি। কারণ আমি তো কালোই।’ তিনি বলে গেলেন, ‘এটা যে ভুল সেটা সম্পূর্ণ আরেকটি ব্যাপার। কারণ সে আমাকে রাগানোর জন্য এটা বলেছিল। কিন্তু আমি একটি ম্যাচ খেলছি এবং সে আমাকে দেখার জন্য টাকা দিয়ে টিকিট কিনেছে। আমি অপমানিত হবো বলেই শুধু রেগে যাব, তা হয় না।’

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়