টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
আসন্ন এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তবে ওয়ানডে দলের নেতৃত্বে আপাতত বহাল থাকছেন জ্যোতি।
সাম্প্রতিক সময়ে আইসিসির একাধিক টুর্নামেন্টে প্রত্যাশিত সাফল্য পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের পারফরম্যান্সের ব্যর্থতার চাপ অধিনায়ক হিসেবে জ্যোতিকেও নিতে হয়েছে। একই সময়ে ব্যাট হাতে তার নিজের পারফরম্যান্সেও কিছুটা ছন্দপতন দেখা দিয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টির নেতৃত্বের চাপ কমিয়ে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বিসিবিকে পাঠানো ইমেইলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানিয়েছেন জ্যোতি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। নারী দল দেশে ফেরার পর জ্যোতির সঙ্গে আলোচনায় বসবে বোর্ড।
বিষয়টি নিয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।’
জ্যোতি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে নাহিদা আক্তারকে বিবেচনা করা হতে পারে। আর সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন সোবহানা মোস্তারি।



























