এখনও ফিট নন নাহিদ রানা!
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজেও খেলা হয়নি তার। চোটের অবস্থা জানতে গেল মাসে অস্ট্রেলিয়ায় চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন এই পেসার। দেশে ফেরার পর শুরু হয় চোট কাটিয়ে ওঠার লড়াই। বর্তমানে দেশেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নাহিদ।
তবে পুনর্বাসন চললেও শিগগিরই মাঠে ফেরার সম্ভাবনা নেই এই পেসারের। আসন্ন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টেও তাকে পাওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীসের বক্তব্যেও মিলেছে তেমনই ইঙ্গিত।
নাহিদের ফিটনেস নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে নাফীস বলেন, ‘তাকে (নাহিদ রানাকে) এখনো ফিট ঘোষণা করা হয়নি। তার পুনর্বাসন প্রক্রিয়া শেষ হবে, সে তার বোলিং ফিটনেস ফিরে পাবে, শতভাগ ফিটনেস ফিরে পাবে-তারপর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো পরের কথা, বাংলাদেশ দলে খেলার ব্যাপারেও আমরা এই বিষয়গুলো বজায় রাখব।’
অর্থাৎ পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। পুনর্বাসন শেষ করার পাশাপাশি বোলিং ফিটনেস এবং শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার পরই জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন তিনি।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ভেন্যু নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিরিজটি আফগানিস্তানের হোম সিরিজ হওয়ায় ভেন্যু নির্ধারণের দায়িত্বও তাদেরই। এ বিষয়ে শাহরিয়ার নাফীস বলেন, ‘এটি আফগানিস্তানের হোম সিরিজ, তাই মাঠ তারাই চূড়ান্ত করবে। তবে আমরা এতটুকু তো বুঝতেই পারি যে, সংযুক্ত আরব আমিরাতে মাঠ খুবই সীমিত। এটা দুবাই হতে পারে, আবুধাবিতে হতে পারে কিংবা হয়তো শারজাতেও হতে পারে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড হয়তো এই সপ্তাহে বা আগামী সপ্তাহের মধ্যে মাঠ নিশ্চিত করে দেবে যে খেলা কোথায় হচ্ছে।’
সব মিলিয়ে নাহিদের ফেরার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হচ্ছে বাংলাদেশকে। চোট থেকে পুরোপুরি সেরে উঠে বোলিং ফিটনেস ফিরে পাওয়ার পরই জাতীয় দলের জার্সিতে ফিরবেন এই পেসার।



























